শিরোনাম
শনি. ফেব্রু ৭, ২০২৬

সাকিবের মন্তব্যের পর যা বললেন আকরাম খান

সম্প্রতি সাকিব আল হাসানের বেশ কয়েকটি মন্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা চলছে। তার মধ্যে গতকাল ক্রিকফ্রেনজির একটি লাইভ অনুষ্ঠানে আকরাম খানকে নিয়ে সাকিবের একটি মন্তব্যে শুরু হয়েছে তোলপাড়। সেখানে সাকিব বলেছেন, তার ছুটি সংক্রান্ত পত্রটি না পড়েই আকরাম খান সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন! এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান অবশ্য ধীরে চলো নীতি অবলম্বন করছেন। তিনি জানিয়েছেন, বোর্ড সভাপতির সঙ্গে আলোচনার পর সাকিব ইস্যুতে বিস্তারিত কথা বলবেন।

তবে সাকিবের এমন মন্তব্য প্রসঙ্গে আকরাম খান বলেছেন, ‘সাকিব ইস্যুতে আমার এই মুহূর্তে কিছু বলার নেই। তবে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনার পর আমি এই ইস্যুতে কথা বলতে পারবো। এর আগে বিষয়গুলো নিয়ে আমাদের সভা করতে হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সাকিবকে ছুটি দেওয়া প্রসঙ্গে আকরাম খান আগে বলেছিলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াতে সাকিব আমাদের সম্প্রতি চিঠি দিয়েছে। আমরা তাকে অনুমতি দিয়েছি। কারণ যার খেলার (জাতীয় দলের হয়ে টেস্ট) কোনও আগ্রহ নেই, তাকে জোর করার কোনও মানে নেই।’

অবশ্য তখন জাতীয় দল বাদ দিয়ে আইপিএল বেছে নেওয়ার পর থেকে অনেক সমালোচনা হচ্ছিল সাকিবকে নিয়ে। তখন এ কথাই শোনা যাচ্ছিল যে, দীর্ঘ সংস্করণে খেলতে তিনি আগ্রহী নন! কিন্তু গতকাল লাইভে সেসব তথ্য উড়িয়ে দিয়েছেন সাকিব, ‘এ বিষয়টা বার বারই আসছে। আসলে আমি বিসিবিকে যে চিঠি দিয়েছি, সেটা কেউ পড়েইনি। ওই চিঠিতে আমি কোথাও বলিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি সেখানে এটা পরিষ্কার করে দিয়েছি, আমার আইপিএল খেলার কারণ আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।’

এর পরেই তিনি দাবি করেন যে ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিভ্রান্ত করেছেন সবাইকে, ‘কিন্তু আকরাম ভাই সবাইকে বলে যাচ্ছে যে আমি টেস্ট খেলতে চাই না। আমার মনে হয় তিনি আমার চিঠি পড়েননি। তারা আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমার চিঠিটা তারা পড়েননি।’

শুধু তাই নয়, সাকিব মনে করেন বোর্ডে থাকা বেশিরভাগ সাবেক ক্রিকেটার নতুন খেলোয়াড় এবং ক্রিকেটারদের উন্নতি নিয়ে ভাবেন না, ‘আমাদের ক্রিকেট বোর্ডে বেশ কয়েকজন আছেন, যারা বাংলাদেশের হয়ে খেলেছেন। তবে সুজন ভাই ছাড়া তারা কেউ সেভাবে জড়িত নয়। সুজন ভাই এবং পাপন ভাইকে ২০১৯ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য কৃতিত্ব দিতে হবে। তবে কৃতিত্ব দেওয়ার মতো বোর্ডের আর কাউকে খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় না তারা ক্রিকেট নিয়ে বেশি কিছু ভাবেন।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *