জয়নুল আবেদীন: মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে মাঠে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় দর্শকদের সরব উপস্থিতি, হৈ-হুল্লুড়, আনন্দ-উল্লাসে মাতোয়ারা ছিলো কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে মাঠ। ফাইনাল খেলায় কমলগঞ্জ স্বপন এন্ড ফ্রেন্ডস ইএফসি ক্লাব ২-০ গোলে ফুটবল একাডেমি শ্রীমঙ্গলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজবাহুর রহমান।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন সাধারণ সম্পাদক এড. এস এম আজাদুর রহমান আজাদ, নারী ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউনিয়নের চেয়ারমান পুষ্প কুমার কানু,মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসিদ আলি,সাবেক পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন প্রমুখ।

দেশী-বিদেশী তারকা খেলোয়াড়দের নিয়ে গঠিত ১৬ দলের অংশগ্রহণে ১৫ দিন সরগরম ছিলো কমলগঞ্জের ক্রীড়াঙ্গন। প্রতিদিন হাজারো দর্শকের পদচারনায় মুখরিত ছিলো রেলওয়ে মাঠ। টূর্নামেন্টকে ঘিরে স্থানীয়ভাবে সৃষ্টি হয়েছিলো ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জরাজীর্ণ মাঠকে পরিচর্চা করে প্রস্তুত করা হয় খেলার জন্য। তারপর বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠে টূর্নামেন্টের। কমলগঞ্জের ক্রীড়াঙ্গনে যুক্ত হয় মোস্তাক আহমেদ নামে একটি নাম। ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক কুমড়াকাপন গ্রামের প্রয়াত মদরিছ আলী মহালদারের ৩য় ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোস্তাক আহমেদ এর নামে এই আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট পরিচালনার জন্য ভানুগাছের কৃতি ফুটবলার ক্রীড়া সংগঠক আব্দুস সামাদ দুলনকে সভাপতি এবং আরেক ক্রীড়া সংগঠক কয়েছ আহমেদকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় ১৭ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি। ভানুগাছ বাজারসহ আশেপাশের এলাকায় নির্মিত হয় অসংখ্য তোরণ। টাঙ্গানো হয় ব্যানার, ফেস্টুন। উপজেলা সদরে ২০১৩ সালের পর বৃহত্তর পরিসরে কোন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত না হওয়ায় এই টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়ামোদীদের মাঝে দেখা দেয় বাড়তি উৎসাহ-উদ্দীপনা। ব্যাপক আগ্রহ নিয়ে উৎসাহী ফুটবলপ্রেমীরা উপভোগ করেন প্রতিটি খেলা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অনেক দলে ছিলো বিদেশী খেলোয়াড়। ভিন দেশের খেলোয়াড় দেখতেও আগ্রহ ছিলো দর্শকদের। টুর্নামেন্টের জন্য রচিত হয় একটি থিম সং। টুর্নামেন্টকে সফল করতে গঠন করা হয় বেশকটি উপ কমিটি। উপ কমিটির দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ানুরাগীদের আন্তরিকতায় এক মাস ফুটবলপ্রেমীদের সরব পদচারনায় মুখরিত থাকে ভানুগাছ রেলওয়ে মাঠ। অবশেষে সফল সমাপ্তির মাধ্যমে যবনিকা ঘটে বিশাল এই আয়োজনের। টুর্নামেন্ট শেষ হলেও এর রেস মাসাধিকাল থাকবে বলে মনে করেন স্থানীয় জনগণ।

ফাইনাল শেষে টুর্নামেন্ট পরিচালনার জন্য গঠিত মাঠ পরিচালনা উপ কমিটির সভাপতি বাবুল আহমেদ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, উপজেলা সদরে বড় বারের ফুটবল টুর্নামেন্ট আয়োজনে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ ব্যাপক ভূমিকা রাখবে। দর্শকরা আমাদের এই আয়োজন মন ভরে উপভোগ করেছেন। প্রতিদিন কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে মুখরিত ছিলো রেওলয়ে মাঠ। সদর এলাকায় ঝিমিয়ে পড়া ফুটবলের জাগরণে এই টুর্নামেন্ট একটি বার্তা দিয়ে গেলো। খেলা দিয়ে দর্শকদের মূল্যায়ন, পছন্দের দলের পক্ষে যুক্তি, তর্ক ছিলো ভানুগাছ বাজারে বাড়তি আলোচনা। সফল সমাপ্তির মাধ্যমে সবার পরিশ্রম স্বার্থক হয়েছে। ধন্যবাদ মোস্তাক আহমেদকে। কমলগঞ্জের ক্রীড়াঙ্গনে যুক্ত হওয়া মোস্তাক আহমেদ নামটি অনেক দিন স্মরনীয় বরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ইমান’স ফ্লীট এন্ড ম্যানেজম্যান্টের স্পন্সরে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের খেলোয়াড় সজল। বিজয়ী দলকে ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজমানি এবং রার্নাসআপ দলকে ট্রফি ও ৩০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।

