শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

কাছাড় এবং করিমগঞ্জ জেলার দুটি বুথে ২০ এপ্রিল পুনর্ভোট

জন্মজিত্‍ / সমীপ, করিমগঞ্জ (অসম): বরাক উপত্যকার কাছাড় এবং করিমগঞ্জ জেলার দুটি বুথে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া। পত্র নম্বর ৪৯৫ / ইসিএল / এল‌ইটি / টিইআর‌আর / এন‌ই ২-এএস‌-এল‌এ / ২০০১-এর মাধ্যমে রাজ্যের মুখ্য নিৰ্বাচন আধিকারিককে চলতি মাসের ২০ তারিখ ভোট গ্রহণের নির্দেশ জারি করেছেন ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার সচিব অজয় কুমার ভার্মা।

কানিশাইল কাণ্ডের জেরে করিমগঞ্জ জেলার ১ নম্বর (তফশিল জাতি সংরক্ষিত) রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের ১৪৯ নং ইন্দিরা এমভি স্কুল (ডান) এবং হিংসাত্মক ঘটনা সংগঠিত হ‌ওয়ার কারণে কাছাড় জেলার ১০ নম্বর সোনাই বিধানসভা কেন্দ্রের ৪৬৩ নং মধ্য ধনেহরি এলপি স্কুল বুথে এদিন সকাল সাতটা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। দুটি কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু এবং সুচারুরূপে সম্পন্ন করতে দুই জেলার রিটার্নিং অফিসারকেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে।

১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের উপধারা (২) (এ)-এর অধীনে ধারা ৫৮ অনুসারে দুটি বুথে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার সচিব অজয় কুমার ভার্মার জারিকৃত পত্রে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল ভোটের দিন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের ১৪৯ নং ইন্দিরা এমভি স্কুলে ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলেও, পোলিং স্টাফরা ইভিএম সহ আনুষঙ্গিক সামগ্রী নিয়ে জেলা সদরের স্ট্রংরুমের উদ্দেশ্যে যাওয়ার সময় মাঝ রাস্তায় নির্দিষ্ট গাড়ি বিকল হয়ে যাওয়াতেই বিপত্তি ঘটেছিল। প্রিসাইডিং অফিসার সাহাব উদ্দিন তাপাদার ব্যক্তি মালিকানাধীন গাড়িতে ইভিএম পরিবহণ করে স্ট্রংরুমের উদ্দেশ্যে যাওয়ার সময় শহরতলি কানিশাইলে লঙ্কাকাণ্ড ঘটে যায়। কাকতলীয়ভাবে ব্যক্তি মালিকানাধীন বলেরো গাড়িটি পাথারকান্দির বিধায়কের স্ত্রীর নামে পঞ্জিকৃত ছিল। তাই পাথারকান্দির বিধায়ক তথা বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল তাঁর নিজস্ব গাড়িতে করে ইভিএম নিয়ে যাচ্ছেন। এই অভিযোগে স্থানীয় কিছু সংখ্যক উশৃঙ্খল জনতা আচমকা গাড়িতে হামলা চালাতে শুরু করে। পোলিং স্টাফদের কোনও কথায় কান না দিয়ে বখাটে জনতা গাড়িতে ব্যাপক ভাঙচূর চালানো সহ চালক প্রেমজিত্‍ সিংহের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল। কোনওক্রমে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচেন গুরুতর আহত চালক প্রেমজিত্‍।

পরবর্তীতে উশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ ও একসময় শূন্যে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়তে হয়েছিল। তবে এত ঘটনার পর‌ও ইভিএমের সিল সম্পূর্ণ সুরক্ষিত ছিল বলে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবুও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের ১৪৯ নং ইন্দিরা এমভি স্কুল বুথে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ জারি করেছে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *