শিরোনাম
বৃহঃ. ফেব্রু ৫, ২০২৬

সৌদিতে অপরাধ করলে বিচার হবে দেশে, সংসদে হজ-ওমরা ব্যবস্থাপনা বিল পাস

বাসস, ঢাকা: নির্বিঘ্নে সুষ্ঠুভাবে হজ ও ওমরা পালন নিশ্চিত, এজেন্সিগুলোর নিবন্ধন ও সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনার বিধান করে সংসদে হজ ও ওমরা ব্যবস্থাপনা বিল-২০২১ পাস হয়েছে। এই আইন অনুযায়ী সৌদি আরবে গিয়ে হজ এজেন্সি বা হজযাত্রী অপরাধ করলে দেশে তাদের বিরুদ্ধে বিচার হবে। মঙ্গলবার ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিলটি পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলে দেশের মুসলমানদের হজ ও ওমরা পালনে গমনাগমনসহ এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়। এ ছাড়া হজ ও ওমরা সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে আরো উন্নত সেবা প্রদান করতে নিবন্ধন ও ব্যবস্থাপনায় আরো দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান করা হয়।

বিলে উল্লেখিত বিধান লঙ্ঘনজনিত অপরাধের বিচার ও দণ্ড প্রদানের বিধান করা হয়েছে। অপরাধে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা, হজ এজেন্সির লাইসেন্স বাতিলসহ বিভিন্ন দণ্ডের বিধান করা হয়েছে।

এ ছাড়া বিলে হজ এজেন্সি নিবন্ধন, নিবন্ধনের যোগ্যতা ও শর্তাদি, নিবন্ধন স্থগিত ও বাতিল, লাইসেন্স প্রাপ্তি, লাইসেন্স স্থগিত ও বাতিল, লাইসেন্স নবায়ন, অপরাধ, বিচার, দণ্ড, জরিমানা, হজ পালনে যোগ্যতা ও শর্তাদিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।

বিলে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত জাতীয় কমিটি ও নির্বাহী কমিটি গঠনের বিধান করা হয়।

বিল পাসের প্রক্রিয়ায় জাতীয় পার্টির মুজিবুল হক, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, বেগম রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন, ব্যারিস্টার রুমিন ফারহানা ও স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধন প্রস্তাব আনলে দু’টি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *