জয়পুর: পৃথিবীতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে। যে সাপকে দেখলে ভয়ে রীতিমতো হাত-পা ঠান্ডা হয়ে যায় মানুষের, সেই সাপ’কেই নাকি কামড়ে দিলেন এক ব্যক্তি! প্রতিশোধ নিতে গিয়েই এমন কাজটি তিনি করেছেন বলে জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে ওড়িশার জয়পুর জেলার এক প্রত্যন্ত গ্রামে।
জানা গিয়েছে, ওই গ্রামটি আদিবাসী অধ্যুষিত। বছর পয়তাল্লিশের গ্রামেরই এক ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছেন। যা এখন সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সর্বত্র। ওই ব্যক্তি রীতিমতো জনপ্রিয় হয়ে গিয়েছেন। দানাগাড়ি ব্লকের সালিজাঙ্গা পঞ্চায়েতের গাম্ভারীপাতিয়া গ্রাম। সেখানেই বাস করেন এই ব্যক্তি। নাম কিশোর বদ্রা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরবাবু গত বুধবার রাতে তাঁর জমি থেকে মাঠের পথ ধরে বাড়ি ফিরছিলেন। ধানের জমিতে তাঁর পায়ে কিছু একটা কামড়ায়। সঙ্গে সঙ্গে হাতে থাকা টর্চটি উনি জ্বালিয়ে দেখেন, একটি বিষধর সাপ সামনেই নড়াচড়া করছে। রাগে, প্রতি হিংসায় অন্ধ হয়ে তিনি সাপটিকে হাতে ধরে তাকে কামড়ে, ক্ষতবিক্ষত করে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাপটির।
এরপর সাপের মাথা আর দেহটি হাতে ধরে বাড়ি ফিরে আসেন কিশোর। বাড়ি ফিরে স্ত্রী’কে সবটা খুলে বলেন। নিমেষে গোটা গ্রামে কথাটা ছড়িয়ে হয়ে যায়। গ্রামের লোকরা এসে ভিড় জমায় কিশোরের বাড়িতে। অনেকেই তাঁকে পরামর্শ দেন, হাসপাতালে যেতে। কিন্তু কিশোর তা মানেননি। গ্রামেরই এক ওঝার পরামর্শ নেন তিনি। তাঁর বক্তব্য, বিষাক্ত সাপকে কামড়ালেও তাঁর শরীরে কোনও সমস্যা হচ্ছে না।

