শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

পশ্চিমবঙ্গে গ্রাহকদের বাড়িতে মাসের রেশন পৌঁছবে একবারে, ‘দুয়ারে রেশন’ নিয়ে গাইডলাইন প্রকাশ রাজ্যের

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক হিসেবে ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু করা হচ্ছে। ইতিমধ্যেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য খাদ্য দফতর।

কীভাবে হবে ১৫ সেপ্টেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প? তার জন্য একটি গাইডলাইন জেলাগুলিতে পাঠাল রাজ্য খাদ্য দফতর। গাইডলাইনে পাইলট প্রকল্প হিসেবে বলা হয়েছে রেশন গ্রাহকদের সারা মাসে রেশন একবারেই সরবরাহ করতে হবে। এ ছাড়াও একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য।

১) রেশন ডিলাররা তাদের নিজের নিজের এলাকার ভৌগোলিক অবস্থান উপভোক্তার সংখ্যা এবং কাজের পরিমাণ বিচার-বিবেচনা করে এক বা দুই জন কর্মীর সহায়তায় নিজের ভাড়া করা গাড়ির মাধ্যমে রেশন উপভোক্তার কাছে পৌঁছে দেবেন।

২) গ্রাহকদের ই-পস যন্ত্রের মাধ্যমে যথাযথ বায়োমেট্রিক হওয়ার পরে তাদের প্রাপ্য পরিমাণ অনুযায়ী রেশন সরবরাহ করতে হবে।

৩) গ্রাহকদের সমস্ত খাদ্যশস্য অর্থাত্‍ চাল-গম,চিনি একবারেই দিতে হবে।

৪) একটি পরিবারের যে কোনও সদস্য ই-পস যন্ত্রে বায়োমেট্রিক বাধা দেওয়ার পর দুয়ারে রেশন প্রকল্পের অধীনে থাকা পুরো পরিবার তাদের প্রাপ্য খাদ্যশস্য বাড়িতেই পাবেন। তবে সে ক্ষেত্রে যদি কোনও গ্রাহক বিশেষ কারণবশত বাড়িতে তার রেশন গ্রহণ করতে না পারেন তবে তিনি যেদিন রেশন দোকান খোলা থাকবে সেদিন সেখানে গিয়ে রেশন তুলতে পারবেন।

৫) এ ক্ষেত্রে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের দ্বারা বিভিন্ন সময় নির্ধারিত দিনগুলিতেই রেশন দোকান খোলা থাকবে। যে দিনগুলি ঠিক করা হবে ডোরস্টেপ ডেলিভারির জন্য সেই দিনগুলিতে রেশন ডিলাররা গ্রাহকদের কাছে শুধুমাত্র ডোরস্টেপের মাধ্যমে রেশন পৌঁছে দেবেন।

৬) এ ক্ষেত্রে যদি কোনও এলাকায় কোন একটি নির্দিষ্ট মোবাইল নেটওয়ার্ক পরিষেবা কোনও কারণে বিঘ্নিত হয় সে ক্ষেত্রে সেই সমস্যা কমানোর জন্য রেশন ডিলারকে ই-পস মেশিনের বিভিন্ন ইন্টারনেট কানেক্টিভিটি সিম নিতে হবে। সে ক্ষেত্রে সেই রেশন ডিলারকে খতিয়ে দেখতে হবে কোন ইন্টারনেট পরিষেবা সেই এলাকায় ভাল কাজ করবে।

৭) এ ক্ষেত্রে দুয়ারে রেশন প্রকল্পের আওতায় খাদ্যশস্য বিতরণের জন্য সংশ্লিষ্ট রেশন ডিলারদের পাইলটিংয়ের তারিখ থেকে অতিরিক্ত কমিশন দেওয়ার বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন থাকবে।

৮) যদিও গাইডলাইনে বলা হয়েছে এই দুয়ারে রেশন প্রকল্পে খাদ্যশস্য বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি ভ্যান কেনার জন্য ডিলারকে ভর্তুকি আকারে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও রাজ্য সরকারের বিবেচনাধীন। এ ক্ষেত্রে রাজ্যের তরফে বিস্তারিত নির্দেশিকা যথাসময়ে জারি করা হবে।

গাইডলাইনে বলা হয়েছে প্রত্যেকটি এলাকাকে একাধিক ক্লাস্টারে ভাগ করতে হবে। পাশাপাশি প্রতিটি ক্লাস্টারে খাদ্যশস্য বিতরনের জন্য প্রতি মাসের প্রতি সপ্তাহের একটি নির্দিষ্ট দিন ধার্য করতে হবে। মাসের প্রথম সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে রেশন বিতরণ করা হবে। শুধু তাই নয় প্রতিটি শনিবার রেশন দোকান থেকে রেশন বিতরণ করা হবে। এ ক্ষেত্রে যারা জরুরি কারণে নিজের বাড়িতে খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন না, তারা রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন। প্রসঙ্গত, চলতি মাসে রাজ্যের ১৫% রেশন দোকানে পাইলট প্রকল্প হিসেবে দুয়ারে রেশন প্রকল্প শুরু হচ্ছে। ধাপে ধাপে তা বাড়ানো হবে বলেই খাদ্য দফতর সূত্রে খবর।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *