দ্য ওয়াল ব্যুরো: দুরন্ত প্লেসমেন্ট ড্রাইভ আইআইটি পাটনায়। বি-টেকের পড়ুয়াদের জন্য ৩৪টি প্রি-প্লেসমেন্ট সুযোগ নিয়ে এসেছে নামীদামি নানা সংস্থা। গত ১৯ বছরে এই প্রথম পাটনা আইআইটি-তে এমন বিপুল সুযোগ এসেছে চাকরির। ফিনান্স, ম্যানেজমেন্ট, কনসালটেন্সি, কোর, অ্যানালিটিক্স- সব রকম কাজের সুযোগ নিয়ে পসরা সাজিয়েছে বড়বড় কোম্পানিগুলি। এই প্রতিষ্ঠান থেকে ২০২২ সালে বি-টেকে স্নাতক হতে চলেছেন যে পড়ুয়ারা, তাঁদের জন্য এই বছরটি অত্যন্ত স্পেশ্যাল বলেই মনে করছেন সকলে। এখানেই শেষ নয়, চমকের আরও বাকি আছে। আইআইটি পাটনা সূত্রের খবর, সবচেয়ে বেশি প্যাকেজ মিলতে চলেছে, বছরে ৫৪.৫ লক্ষ টাকার! অন্য চাকরিগুলির প্যাকেজও মন্দ নয়, ২৫ থেকে ৫৩ লক্ষের মধ্যে। এতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা গড়ে ২৪ লাখ টাকার প্যাকেজ পেয়েছেন, এবার ভাঙতে চলেছে সব রেকর্ড।
যে সমস্ত সংস্থাগুলি আসছে ক্যাম্পাসিংয়ের জন্য, তাদের মধ্যে সামনেই রয়েছে গুগলের নাম। জানা গেছে, ২০২২ সালে স্নাতক হতে চলেছে এমন ৬ জন পড়ুয়াকে সুযোগ দিচ্ছে তারা। এছাড়াও রয়েছে অ্যাডোব, গোজেক, মিডিয়া নেট, মর্গ্যান স্ট্যানসি, সেলসফোর্সের মতো একাধিক বড় সংস্থা। আইআইটি পাটনার ট্রেনিং ও প্লেসমেন্ট অফিসার কৃপা শংকর জানিয়েছেন, ‘আমাদের প্রতিষ্ঠান এখনও অপেক্ষা করছে আরও বহু পড়ুয়ার কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য। এই বছরে গোটা প্লেসমেন্ট পদ্ধতিই অনলাইনে হচ্ছে। পরীক্ষা, ইন্টারভিউ সবই ভার্চুয়ালি। তার পরেও ভাল জায়গায় রয়েছে প্রতিষ্ঠান।’

