শিরোনাম
বুধ. ফেব্রু ২৫, ২০২৬

পশ্চিমবঙ্গে বাংলা না জানলে চাকরি হবে না: মমতা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি: পশ্চিমবঙ্গে চাকরি করতে হলে শুধু বাংলা বলতে পারলেই হবে না, পড়তে–লিখতেও জানতে হবে। চাকরির ক্ষেত্রে ভাষা নিয়ে এমন বাধ্যবাধকতার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল বুধবার মালদহে জেলা পর্যায়ে প্রশাসনিক বৈঠকে এসব কথা বলেন মমতা। একই সঙ্গে নির্দেশনা কার্যকরে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

বৈঠকে মমতা বলেন, বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে চাকরি করতে এলে তাঁদের বাংলা ভাষা জানতে হবে। পাশাপাশি এখন যাঁরা পশ্চিমবঙ্গে চাকরি করছেন, তাঁদেরও বাংলা শিখে নিতে হবে। তাঁরা বাংলা না বুঝলে রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে কীভাবে কথা বলবেন? কীভাবে তাঁদের অভিযোগ শুনবেন, সমস্যার কীভাবে সমাধান করবেন?

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমার রাজ্যের ছেলেমেয়েরা অন্য রাজ্যে গিয়ে ভাষা সমস্যার জন্য চাকরি পাচ্ছে না। আবার ভিনরাজ্যের ছেলেমেয়েরা পরীক্ষার ফল ভালো করে এ রাজ্যে চাকরি জুটিয়ে নিচ্ছে। ফলে বঞ্চিত হচ্ছে এ রাজ্যের সাধারণ মানুষ। আর ভিনরাজ্যের মানুষ চাকরি পেলেও তাঁদের বাংলা ভাষা জানার অভাব রয়েছে। তাই আমি চাইছি, এই রাজ্যের মানুষ এই রাজ্যের কোটায় চাকরি পাক।’

এদিকে ভাষা নিয়ে মমতার এ নির্দেশনাকে সমর্থন করেছে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি নিয়ে কাজ করা সংগঠন ‘বাংলাপক্ষ’। সংগঠনটির কর্মকর্তা গর্গ চট্টোপাধ্যায় বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর এ নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাই, এ নির্দেশকে আইনে পরিণত করা হোক। রাজ্যের কর্মকর্তাদের জন্য বাংলা ভাষা জানা বাধ্যতামূলক করা হোক।’

ভারতে সবচেয়ে বেশি বাংলাভাষীর বাস পশ্চিমবঙ্গে। এরপরই রয়েছে ত্রিপুরা। এ ছাড়াও আসাম, বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওডিশা, মণিপুর, উত্তর প্রদেশের বহু এলাকায় বিপুলসংখ্যক বাংলাভাষীর বসবাস রয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *