শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

কলকাতা পৌর নির্বাচন কাল, জনমত জরিপে এগিয়ে তৃণমূল

কলকাতা প্রতিনিধি: কলকাতা পৌর করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয় পেতে চলেছে বলে উঠে এসেছে নির্বাচনপূর্ব এক জনমত জরিপে।

কলকাতা পৌর করপোরেশন এলাকার ১৪ হাজার ৯৬ জন ভোটারের সঙ্গে কথা বলে যৌথভাবে এক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে এবিপি আনন্দ ও সমীক্ষা সংস্থা সি-ভোটার। প্রতিবেদনে বলা হয়, পৌর করপোরেশনের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিততে পারে ১৩০টিতে। বিজেপি জিততে পারে ১৩টি ওয়ার্ডে। বামফ্রন্টের জয়ের সম্ভাবনা একটিতে। কংগ্রেসের ভাগ্যে কোনো ওয়ার্ডে জয় না–ও মিলতে পারে।

সবশেষ ২০১৫ সালে কলকাতা পৌর করপোরেশনের নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছিল ১২৪টিতে। অন্যদিকে বিজেপি ৫টি, বামফ্রন্ট ১৩টি ও কংগ্রেস জয় পায় ২টি ওয়ার্ডে।

এদিকে করপোরেশনের নির্বাচন ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য নির্বাচন দপ্তর। ভোট গ্রহণের জন্য বেছে নেওয়া ১ হাজার ৬৭৬টি ভবনে মোট ৪ হাজার ৯৫৯টি বুথ বসানো হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৩৯টি বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি বুথে সিসি ক্যামেরা ও সশস্ত্র পুলিশ থাকবে।

এর আগে কলকাতা পৌর করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল বিজেপি। শুনানি শেষে গত বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মন্থার একক বেঞ্চ জানান, পৌর নির্বাচন করতে রাজ্য পুলিশই যথেষ্ট।

অন্যদিকে বৃহস্পতিবারই কলকাতার বড়বাজারে তৃণমূলের এক প্রচার সমাবেশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের লক্ষ্য কলকাতা করপোরেশনকে বিরোধীশূন্য করা।’

পরে গতকাল শুক্রবার দক্ষিণ কলকাতার কালীঘাটের দলীয় দপ্তরের সামনে আয়োজিত এক নির্বাচনী প্রচার সভায় অভিষেক বলেন, ‘অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাই হবে আমাদের লক্ষ্য। কেউ ভোটে শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁকে বহিষ্কার করবে দল। নির্বাচন নিয়ে কোনো অরাজকতা বরদাস্ত করা হবে না।’ এ সময় তৃণমূল নির্বাচনে ১৩৫টি ওয়ার্ডে জিতবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯৫০ জন প্রার্থী। এর মধ্যে নারী ৪০২ জন। স্বতন্ত্র প্রার্থী ৩৮৭ জন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, রোববার শুধু কলকাতা পৌর করপোরেশনের নির্বাচন হবে। বাকি ১১৭টি পৌরসভার নির্বাচন হবে আগামী ৩০ এপ্রিলের মধ্যে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *