বিনোদন প্রতিবেদক: কবি জীবনানন্দ দাসকে নিয়ে চলচ্চিত্র ‘ঝরা পালক’ নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। এতে জীবনানন্দ দাসের স্ত্রী লাবণ্য দাসের ভূমিকায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে নতুন বছরে। আজ বড়দিনে মুক্তি পেলো সিনেমার ট্রেলার।
২০২২ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও প্রদর্শিত হতে পারে ‘ঝরা পালক’। এত দিন করোনা মহামারির কারণে থমকে ছিল ছবির মুক্তি। আজ প্রকাশিত সাদাকালো ট্রেলারে জীবনানন্দের ভূমিকায় দেখা গেছে ব্রাত্য বসুকে। এমনকি কবি কাজী নজরুল ইসলামের একটি চরিত্রও একঝলক দেখা গেছে। ফ্ল্যাশব্যাকে সাদাকালোর ফাঁকে বাস্তব সময়ের রঙিন চরিত্রগুলোও উঁকি দিয়েছে।
চরিত্র প্রসঙ্গে জয়া বলেন, মা ছাড়া কবি জীবনানন্দ দাসের জীবনে একমাত্র নারী লাবণ্য দাস। প্রথাগত ভাবনা থেকে যেভাবে লাবণ্য দাসকে দেখা হয়েছে, আসলে লাবণ্য তেমন ছিলেন না। তিনি ছিলেন জীবনানন্দের জীবনের অনেক বড় অনুপ্রেরণা। সিনেমায় সে রকমই দেখানো হয়েছে।
নির্মাতা জানান, ছবির কেন্দ্রে থাকবে জীবনানন্দ দাসের জীবনকথা।

