খেলা ডেস্ক: যেন ফুলের একটু একটু করে প্রস্ফুটিত হওয়ার মতো! ফুল যেভাবে পাপড়ি মেলতে থাকে, ফিফা তাদের বর্ষসেরার পুরস্কার ‘দ্য বেস্ট’-এর ঘোষণায়ও সেভাবে একটি একটি করে বিভাগের মনোনয়নের কথা জানিয়েছেন।
গত ৪ জানুয়ারি জানানো হলো বছরের সবচেয়ে সুন্দর গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ডের মনোনয়নের সেরা তিন, তার পরে ছেলেদের ও মেয়েদের বিভাগে বর্ষসেরা গোলকিপারের সেরা তিনের নাম ঘোষিত হলো। গতকাল এসেছে ছেলেদের ও মেয়েদের বিভাগে বছরের সেরা কোচের মনোনয়ন। আর সবার চোখ থাকে যেদিকে, বছরের সেরা ফুটবলারের মনোনয়নের ঘোষণা এল আজ। ১৭ জানুয়ারি দেওয়া হবে পুরস্কার।
ছেলেদের বিভাগে লিওনেল মেসি আর রবার্ট লেভানডফস্কি যে সেরা তিনে থাকবেন, সেটি নিশ্চিতই ছিল। বর্ষসেরা ফুটবলারের আরেক পুরস্কার ব্যালন ডি’অরেও শেষ পর্যন্ত লড়াইটা হয়েছে এই দুজনের মধ্যে—যে লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছেন মেসি।
এ দুজনের সঙ্গে সেরা তিনে কে থাকবেন, সেটিই ছিল আগ্রহের ব্যাপার। কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হরলান্ড, জর্জিনিওদের পেছনে ফেলে শেষ পর্যন্ত সেরা তিনে মনোনয়ন পেলেন মোহামেদ সালাহ।
মেসি এ বছর আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন, ঘুচিয়েছেন আর্জেন্টিনার ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপা-খরা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন (৪টি), সবচেয়ে বেশি গোল বানিয়েও দিয়েছেন (৫টি), টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও মেসিই! এর বাইরে এই মৌসুমে পিএসজিতে যোগ দেওয়ার আগে গত মৌসুমে বার্সেলোনার হয়ে লিগের সেরা গোলদাতা হয়েছেন, বার্সাকে কোপা দেল রে-ও জিতিয়েছেন।
রবার্ট লেভানডফস্কি আর মো সালাহর কীর্তির সবটুকু ক্লাব ঘিরেই। লেভানডফস্কি বায়ার্ন মিউনিখের হয়ে গোলের পর গোল করে চলেছেন। জার্মান লিগ তো বায়ার্ন বলতে গেলে না চাইলেও জেতে, সে পথে লেভা গড়েছেন এক মৌসুমে সবচেয়ে বেশি ৪২ গোলের রেকর্ড। গত বছর ফিফা দ্য বেস্ট জিতেছিলেন লেভানডফস্কি।
আর সালাহ গত মৌসুমের মতো এই মৌসুমেও লিভারপুলের প্রাণভোমরা। গোল করা, গোল করানো—দুই ভূমিকাতেই আলো ছড়াচ্ছেন। অনেকের চোখে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা তো বটেই, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়ও সালাহই! পুরস্কার কী বলে, সেটিই এখন দেখার।
ছেলেদের বিভাগের মনোনয়নের পাশাপাশি মেয়েদের বিভাগে সেরা তিনে মনোনীত খেলোয়াড়ের নামও জানিয়েছে ফিফা। দুজন বার্সেলোনার, দুজনই স্প্যানিশ—জেনিফার এরমোসো ও আলেক্সিয়া পুতেয়াস। অন্যজন চেলসির অস্ট্রেলিয়ান ফুটবলার স্যাম কের। ব্যালন ডি’অরে সেরা নির্বাচিত হয়েছিলেন পুতেয়াস।
বিশ্বের সব জাতীয় দলের কোচ ও অধিনায়ক আর ফিফার নির্বাচিত সাংবাদিকের ভোটের পাশাপাশি ফিফার ওয়েবসাইটে নিবন্ধিত সমর্থকদের ভোট মিলিয়ে হবে সেরার নির্বাচন। ১৭ জানুয়ারি জুরিখে ফিফার সদর দপ্তর থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে জানানো হবে বর্ষসেরার নাম।
একনজরে দেখে নিন ফিফার সব পুরস্কারের মনোনীত সেরা তিনের নাম:
বর্ষসেরা খেলোয়াড়
ছেলেদের বিভাগ:
রবার্ট লেভানডফস্কি (পোল্যান্ড জাতীয় দল, বায়ার্ন মিউনিখ)
লিওনেল মেসি (আর্জেন্টিনা জাতীয় দল, বার্সেলোনা, পিএসজি)
মোহামেদ সালাহ (মিসর জাতীয় দল, লিভারপুল)
মেয়েদের বিভাগ:
জেনিফার এরমোসো (স্পেন জাতীয় দল, বার্সেলোনা)
স্যাম কের (অস্ট্রেলিয়া জাতীয় দল, চেলসি)
আলেক্সিয়া পুতেয়াস (স্পেন জাতীয় দল, বার্সেলোনা)
বর্ষসেরা গোলকিপার
ছেলেদের বিভাগ:
জিয়ানলুইজি দোন্নারুম্মা (ইতালি জাতীয় দল, এসি মিলান, পিএসজি)
এদুয়ার্দ মেন্দি (সেনেগাল জাতীয় দল, চেলসি)
মানুয়েল নয়্যার (জার্মানি জাতীয় দল, বায়ার্ন মিউনিখ)
মেয়েদের বিভাগ:
আন-ক্যাটরিন বার্গার (জার্মানি জাতীয় দল, চেলসি)
ক্রিস্টিয়ান এন্ডলার (চিলি জাতীয় দল, পিএসজি, অলিম্পিক লিওঁ)
স্টেফানি লিন মারি ল্যাব (কানাডা জাতীয় দল, রোজেনবার্গ, পিএসজি)
বর্ষসেরা কোচ
ছেলেদের বিভাগ:
পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি)
রবার্তো মানচিনি (ইতালি জাতীয় দল)
টমাস টুখেল (চেলসি)
মেয়েদের বিভাগ:
লুইস কোর্তেস (বার্সেলোনা)
এমা হায়েস (চেলসি)
সারিনা ভিগমান (নেদারল্যান্ডস জাতীয় দল, ইংল্যান্ড জাতীয় দল)
পুসকাস অ্যাওয়ার্ড
এরিক লামেলা (আর্জেন্টিনা) – টটেনহামের হয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে, ১৪ মার্চ ২০২১
পাত্রিক শিক (চেক প্রজাতন্ত্র) – চেক প্রজাতন্ত্রের হয়ে ইউরোতে স্কটল্যান্ডের বিপক্ষে, ১৪ জুন ২০২১
মেহদি তারেমি (ইরান) – পোর্তোর হয়ে চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে, ১৩ এপ্রিল ২০২১
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড
ডেনমার্ক জাতীয় দল, তাদের চিকিৎসক দল ও কোচরা – ২০২০ ইউরোতে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেন মাঠেই হার্ট অ্যাটাকের শিকার হওয়ার পর তাঁদের ভূমিকার জন্য।
ক্লদিও রানিয়েরি – গত মৌসুমে সাম্পদোরিয়ার কোচ থাকার সময়ে লিগ জয় নিশ্চিত করে ফেলা ইন্টার মিলানকে গার্ড অব অনার দিয়েছিলেন, ইতালিতে যে সংস্কৃতির চল নেই।
স্কট ব্রাউন – চিরপ্রতিদ্বন্দ্বী রেঞ্জার্সের বিপক্ষে ‘ওল্ড ফার্ম ডার্বিতে’ রেঞ্জার্সেরই গ্লেন কামারা সেল্টিকের সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হলে ম্যাচ শেষে কামারার কাছে গিয়ে ক্লাবের হয়ে ক্ষমা চান সেল্টিক অধিনায়ক।
- এর বাইরে ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও দেওয়া হবে।

