পঙ্কজকুমার দেব, হাফলং:- সোমবার ইস্ট ওয়েস্ট করিডোর মহাসড়কের মাহুরের আশংহাজু গ্রামের কাছে কৃষি বিভাগের অধীনে এক অর্গানিক মার্কেটশেডের দ্বারোদ্ঘাটন করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গর্লোসা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারপার্সন রাণু লাংথাসা, ইএম প্রজিৎ হোজাই,পরিষদ সদস্য লিটন চক্রবর্তী, মাহুর মিউনিসিপ্যাল বোর্ডের চেয়ারম্যান অনুপ লাংথাসা, জেলা কৃষি আধিকারিক ঋত্বিক কেম্প্রাই প্রমুখ।
অসম সরকারের ২০২০-২১ অর্থ বছরের এসওপিডি প্রকল্পের অধীনে একান্ন ফুট দৈর্ঘ্যের এই মার্কেটশেড নির্মাণ করা হয়। অবশ্যে মহাসড়কের পাশের এই মার্কেটশেড উদ্ঘাটন করে সিইএম গর্লোসাও খুশি ব্যক্ত করেন। তিনি বলেন মহাসড়কের পাশের এই অর্গানিক মার্কেটশেড কৃষির সঙ্গে জড়িত গ্রামবাসীদের বেশী করে উৎসাহিত করবে।
উল্লেখ্য,অসমের পার্বত্য ডিমা হাসাও জেলার সবকটি পরিষদীয় সমষ্টিতেই অর্গানিক মার্কেটশেড নির্মাণ করা হয়েছে। অনুরূপ ভাবে মাহুর পরিষদীয় সমষ্টিতে স্বশাসিত পরিষদের তরফে উপরোক্ত প্রকল্প নেওয়া হয়। এক্ষেত্রে পরিষদ সদস্য লিটন চক্রবর্তী মাহুর বাজার বা অন্যত্র না করে ইস্ট ওয়েস্ট করিডোর এনএইচ-২৭ মহাসড়কের পাশে এহেন মার্কেট শেড নির্মাণের সিদ্ধান্ত নেন। সেই মতে বিভাগীয় তরফে নির্মাণ কাজ করা হয়।
এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে পরিষদ সদস্য লিটন চক্রবর্তী বলেন ‘ মাহুরের আশংহাজু গ্রামের কাছে মহাসড়কের পাশে স্থানীয় গ্রামবাসীরা এমনিতেই নিজেদের ক্ষেতের উৎপাদিত বিভিন্ন কৃষিজাত ফলমূল সামগ্রী ক্রমে স্কুয়াস, মিষ্টি কুমড়া, কচু, বেগুন, কাঁচকলা, কলা, কমলা, মরিচ, তিল ইত্যাদির পসরা নিয়ে প্রতিদিনে বসে কেনাবেচা করেন।
যা একশো শতাংশ অর্গানিক। অথচ স্থায়ী কোনো শেড নেই। যার জন্য বর্ষার মরশুমে গ্রামবাসীদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। এই কথা চিন্তা করেই এখানে এই শেড নির্মাণ করা হয়। ‘ পরিষদ সদস্য চক্রবর্তী আশাবাদী যে ৫১ ফুট দৈর্ঘ্যের এই শেডে এখন থেকে বেশ ভালোই জমবে অর্গানিক শাকসবজির বাজার। এতে গ্রামবাসীদের পাশাপাশি ক্রেতারূপী সাধারণ জনতাও উপকৃত হবেন।

