শিরোনাম
সোম. ফেব্রু ১৬, ২০২৬

রাষ্ট্রদূতদের বক্তব্য প্রচার নিয়ে মিডিয়ার ওপর চড়াও পররাষ্ট্রমন্ত্রী মোমেন

বাংলাদেশ নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বিদেশি রাষ্ট্রদূতদের বক্তব্য দেশের গণমাধ্যমগুলো ‘অতি উৎসাহী হয়ে ফলাও করে’ প্রচার করে যা দুঃখজনক। তাদের দেশে আমাদের রাষ্ট্রদূতদের কোনো বিষয়ে সাংবাদিকরা প্রশ্নই করেন না। এসব অভ্যাস বন্ধ করা উচিত।

মঙ্গলবার দুপুরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের কার্ডিয়াক সেন্টার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এর আগে রোববার ঢাকায় এক অনুষ্ঠানে দেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা জানাতে গিয়ে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন একটি বক্তব্য দিয়েছিলেন। ডিকসন বলেছিলেন, নির্বাচনে সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারবে, স্বচ্ছভাবে ভোট গণনা হতে হবে। এর মানে হলো বিশ্বাসযোগ্য ফলাফল সব দলই মেনে নেবে। যারা ভোটে জিততে পারেনি তারাসহ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু বিএনপিই দুমড়ে-মুচড়ে এই ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিএনপি এখন গণতন্ত্র শেখাতে চায়। তারা সবসময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

তিনি বলেন, বিএনপিকে জনতার কাছে আসতে হবে। জনতাই হচ্ছে ভোটের মালিক, দেশের মালিক। স্বচ্ছ ইলেকশন কমিশন হবে। সেই কমিশনের মাধ্যমে যে নির্বাচন হবে সেটা অবশ্যই স্বচ্ছ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোর্শেদ আহমদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *