বাংলাদেশ নিউজ ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরের গুরুত্ব তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জয়শঙ্কর এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন। গত সোমবার রাতে প্যারিসে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক প্রসঙ্গে গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ফ্রান্স আয়োজিত ইন্দো-প্যাসিফিক বিষয়ে একটি বৈঠকে যোগ দিতে তাঁরা প্যারিসে গেছেন।
২০১০ সালের সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরের কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের আপত্তিতে ভারত ওই চুক্তি স্বাক্ষর করেনি। দ্রুত ওই চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ভারত অঙ্গীকার করেছে।
২০১৭ সালের এপ্রিলে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, শুধু তাঁর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তিস্তা ইস্যুর সমাধান করতে পারে। এরপর প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও তিস্তা ইস্যুর সুরাহা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্যারিসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ-ভারত আসন্ন যৌথ পরামর্শক কমিশনের (জয়েন্ট কনসালটেটিভ কমিশন, সংক্ষেপে জেসিসি) বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। প্যারিসের বৈঠকে চলতি বছরের প্রথমার্ধে জেসিসি বৈঠকের জন্য নয়াদিল্লি সফর করতে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন। জেসিসি বৈঠক ফলপ্রসূ করতে ওই বৈঠকের আগেই ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠানের ওপর বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা জোর দিয়েছেন। তাঁরা কুশিয়ারা নদী নিয়ে দুই দেশের চলমান আলোচনাকে উৎসাহিত করার ব্যাপারে সম্মত হয়েছেন।
উল্লেখ্য, কুশিয়ারা নদী থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলনের জন্য ভারতের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) করতে চায় বাংলাদেশ। এ ছাড়া কুশিয়ারা নদীর পানি রহিমপুর খাল দিয়ে কৃষিকাজে ব্যবহারের জন্য ভারতের আপত্তিও বাংলাদেশ নিষ্পত্তি করতে চায়। প্যারিস বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভারতকে রোহিঙ্গা সংকট সমাধানে সম্পৃক্ত থাকার আহবান জানিয়েছেন। তিনি বিশেষ করে, ভারতকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে তার সুযোগ কাজে লাগানোর আহবান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ২০২১ সালকে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন উচ্চতায় ওঠার বছর হিসেবে উল্লেখ করেন। মুজিব চিরন্তন অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতি ছাড়াও দুই দেশ মিলে বিশ্বের ১৮টি শহরে মৈত্রী দিবস পালনের বিষয়টিও তাঁরা স্মরণ করেন।
চেন্নাই ও দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব : এদিকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তিন দিনের সফরে আজ বুধবার ভারতে যাচ্ছেন। তিনি আজ চেন্নাইয়ে বাংলাদেশের উপহাইকমিশন পরিদর্শন করবেন। আগামীকাল বৃহস্পতিবার নয়াদিল্লি যাবেন। সেখানে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের বৈঠকে আসন্ন জেসিসি বৈঠক, কভিড সহযোগিতা, বাণিজ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা হতে পারে।

