শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

বিহার: মদ্যপ অবস্থায় ধরা পড়লেও হবে না জেল, শুধু মানতে হবে এই শর্ত!

বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পরেও বিষ মদ পান করে গত বছর নভেম্বর মাসে পঞ্চাশ জনের মৃত্যু হয়

বিহার নিউজ ডেস্ক: বিহারে মদ বিক্রি বা মদ্যপান নিষিদ্ধ হয়েছে ২০১৬ সালে৷ কিন্তু তারপরেও মদের চোরাগোপ্তা বিক্রি বা পাচার বন্ধ করা যায়নি৷ এবার লুকিয়ে যারা মদ বিক্রি করছে তাদের শায়েস্তা করতে অভিনব উপায় বের করেছে বিহার সরকার৷

এবার থেকে বিহারে মদ্যপ অবস্থায় ধরা পড়লেও হাজতবাসের শাস্তি এড়ানো যাবে৷ কিন্তু তার জন্য অভিযুক্তকে বলতে হবে, কোথা থেকে সে লুকিয়ে মদ কিনেছিল৷ সেই তথ্য অনুযায়ী যদি মদ বিক্রেতার খোঁজ মেলে তাহলেই যিনি মদ কিনেছিলেন তাঁকে আর জেলে যেতে হবে না এমনই জানিয়েছেন বিহারের শুল্ক দফতরের সহ অধিকর্তা কৃষ্ণ কুমার৷

২০১৬ সালের এপ্রিল মাসে বিহারে মদ বিক্রি এবং মদ্যপান নিষিদ্ধ করেছিল বিহার সরকার৷ রাজ্যের পুরুষদের মদ্যপানের প্রতি আসক্তি বাড়তে থাকায় বিহারের মহিলাদের এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷

বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পরেও বিষ মদ পান করে গত বছর নভেম্বর মাসে পঞ্চাশ জনের মৃত্যু হয়৷ মদ বিক্রি ও মদ্যপান আটকাতে রাজ্যের আইন দমনমূলক বলেও অভিযোগ উঠেছে৷

গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বা বিয়ে বাড়িতেও অভিযান চালিয়ে মদ উদ্ধার করেছে বিহার পুলিশ৷ কিন্তু এত কিছু করেও মদ বিক্রি বন্ধ করা যাচ্ছে না৷ এবার তাই মদ্যপদের ব্যবহার করেই মদের চোরা কারবারিদের নাগাল পেতে চাইছে বিহার সরকার৷

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *