শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

ইউক্রেন-রাশিয়া তৃতীয় বৈঠকে ‘কিছুটা’ উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক: আগের দুই দফা বৈঠকে তেমন কোনো সমাধানের পথ খুঁজে না পাওয়ায় আজ তৃতীয় দফা বৈঠক শেষ করেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। বেলারুশে অনুষ্ঠিত এই বৈঠকে আগের চেয়ে কিছুটা অগ্রগতি হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের এক উপদেষ্টার বরাত দিয়ে করা ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেন-রাশিয়ার মধ্যকার তৃতীয় বৈঠকে মানবিক করিডোরের বিষয়ে ‘নগণ্য ইতিবাচক’ অগ্রগতি হয়েছে।

রুশ এক টেলিভিশন চ্যানেলে ক্রেমলিনের এক সহযোগী জানিয়েছে, বেলারুশে হওয়া সংলাপ ‘আমাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে’।

রাশিয়ার স্পুটনিক নিউজের এক খবরে বলা হয়, বেলারুশের সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা তৃতীয়বারের মতো প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করেছেন। আগের চেয়ে আলোচনার কিছুটা উন্নতি হয়েছে। আলোচনা চলমান থাকবে বলেও জানানো হয়েছে দুই পক্ষ থেকেই।

রুশ প্রতিনিধিদলের প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কি বলেন, ইউক্রেনের প্রতিনিধিদল তাদের সমকক্ষদের আশ্বাস দিয়েছে যে, মঙ্গলবার থেকে মানবিক করিডোরগুলো স্বাভাবিকভাবে কাজ করা শুরু করবে।

ইউক্রেন প্রতিনিধিদলের সদস্য মিখাইল পোডোলিয়াকও জানিয়েছেন করেছেন, মানবিক করিডোরের বিষয়ে এবারের আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের প্রতিনিধিদলের এক সদস্যের ভাষ্যমতে, সীমান্ত পরিস্থিতির তাৎপর্যপূর্ণ উন্নতিতে দুই দেশের পক্ষ থেকে এখনও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

রুশ কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলো, তাদের দাবি মেনে নিলেই তৎক্ষণাৎ ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করা হবে।

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের ১২তম দিনে এসেও দেশটিতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ আরও কয়েকটি শহরে বোমা হামলাও অব্যাহত রেখেছে রুশ বাহিনী বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *