শিরোনাম
রবি. ফেব্রু ২২, ২০২৬

যুব ক্রিকেটে টি-টোয়েন্টি চালুর পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যুব ক্রিকেটেও টি-টোয়েন্টি ক্রিকেট চালুর পরিকল্পনা করছে। ওয়ানডে ও বড় দৈর্ঘ্যর ম্যাচের পর টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতা আয়োজনের ভাবনা বিসিবির। মূলত এ ফরম্যাট থেকে ভবিষ্যতের তারকা ক্রিকেটার খুঁজে বের করাই প্রধান লক্ষ্য।

শুরুতে পরীক্ষামূলকভাবে এ প্রতিযোগিতা আয়োজন করতে চায় বিসিবি। সুফল পেলে যুব ক্রিকেটের বর্ষপঞ্জিকায় তা অন্তর্ভুক্ত করা হতে পারে। বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির প্রধান ওবেদ নিজাম বলেছেন, ‘আমরা যুব ক্রিকেটে টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করছি। আমরা কিছু তরুণ, উদ্যমী খেলোয়াড়দের বের করে আনতে চাই যাদের এ ফরম্যাটে ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা রয়েছে।’

সীমিত পরিসরে বাংলাদেশের ক্রিকেটারদের আগ্রহ এমনিতেই বেশি, লাল বলের ক্রিকেটের প্রতি একেবারেই কম। সেই অনাগ্রহ বয়সভিত্তিক ক্রিকেটেও বিস্তৃত। বয়সভিত্তিক ক্রিকেটে তরুণদের বড় দৈর্ঘ্যর ম্যাচে আকৃষ্ট করে বেশি ম্যাচ আয়োজন করলে সুফল পেতেও পারে বাংলাদেশ। সেখানে টি-টোয়েন্টি আয়োজন করা কতটুকু যুক্তসঙ্গত?

ওবেদ নিজামের ভাষ্য, ‘টি-টোয়েন্টি ক্রিকেট এখন বাস্তবসম্মত আয়োজন এবং আমরা এটা উপেক্ষা করতে পারি না। আমরা দেখতে চাই এই স্তরের কোন ছেলেরা বড় বড় শট খেলতে পারে এবং পরবর্তীতে টুর্নামেন্টে তারা কেমন করে, তা দেখার পর আমরা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা আঁকব।’

যুব ক্রিকেট তরুণদের জন্য তাদের দক্ষতা এবং ধৈর্যের বিকাশে বড় ভূমিকা রাখে। অনেকেই মনে করেন, বাংলাদেশের নতুন টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয় তার ধৈর্য সঞ্চয় করেছেন বয়সভিত্তিক ক্রিকেটে বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলে। জাতীয় দলে খেলার আগে এ ওপেনার প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৫টি।

বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটে উন্নতির জন্য প্রস্তুতির থেকে ম্যাচ সচেতনতা অতি গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র ম্যাচ খেললেই সেটা পাওয়া যাবে। এজন্য যুব ক্রিকেটে টি-টোয়েন্টি রাখার পক্ষপাতি তিনিও, ‘আমরা এই টুর্নামেন্ট পরীক্ষামূলকভাবে করতে চাই। দেখতে চাই কতটুকু সুফল পাওয়া যাবে। যদি আমরা ভালো ফল পাই আমরা নিয়মিত এটা আয়োজন করবে। বলতে দ্বিধা নেই, আমাদের পাওয়ার হিটার কম আছে। বিশেষ করে গত বছর যুব বিশ্বকাপে দেখেছি আমাদের শেষ দিকে পাওয়ার হিটার নেই এবং শেষ দিকে ইয়র্কার বোলিংয়ে পারদর্শী এমন বোলারও পাইনি। বয়সভিত্তিক টুর্নামেন্টে যারা খেলবে তারাই তো যুব বিশ্বকাপের জন্য বিবেচিত হবে। আমি মনে করি এতে যুব বিশ্বকাপের দলও সুফল পাবে।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *