শিরোনাম
বুধ. মার্চ ১১, ২০২৬

এ বছর থেকেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ সরকার

আরাকান নিউজ ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসনে এর আগে কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও তা নিষ্ফল হয়েছে। মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দেশটিতে ফেরত পাঠাতে আবারও তৎপরতা শুরু হয়েছে। সরকার চায়, সীমিত আকারে হলেও এ বছর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হোক।

মঙ্গলবার (১৪ জুন) রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের পঞ্চম সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য দুই পক্ষ আলোচনা করেছে। যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়মিতভাবে করার বিষয়েও উভয়পক্ষ একমত হয়েছে।

যৌথ ওয়ার্কিং গ্রুপের পঞ্চম সভায় বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এ বছর প্রত্যাবাসন শুরু করতে চাই। এ বিষয়ে আলোচনা হয়েছে।’

দুদেশের মধ্যে অনেকদিন পর দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে এবং আগামী দিনে এটি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বৈঠকে দ্রুত প্রত্যাবাসন শুরু, রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তিকরণ এবং যারা ফেরত যাবে তাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার ওপর বাংলাদেশের পক্ষ থেকে জোর দেওয়া হয়।

২০১৯ সালে মিয়ানমারের নেপিদোতে যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। দেশটির অনাগ্রহের কারণে গত তিন বছরে এ বৈঠক হয়নি এবং প্রত্যাবাসনও শুরু করা যায়নি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *