শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

দুই বছর পর বাংলাদেশ-ভারত রুটে সৌহার্দ্য বাস চালু

দুই বছর তিন মাস বন্ধ থাকার পর আবারও ভারত-বাংলাদেশের মধ্যে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (২৭ জুন) আন্তর্জাতিক এ পরিষেবাটি চালু হয়।

প্রথম যাত্রাতে কলকাতা থেকে ছেড়ে আসা বাস পদ্মা সেতু পাড়ি দিয়ে পৌঁছাবে ঢাকায়। এ দিন সকালে কলকাতা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনটি পুলিশি নিরাপত্তায় রাত পৌনে ৮টায় খুলনা নিউ মার্কেট আসলে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। বাসটি ঢাকার উদ্দেশ্যে ৮টা ২০ মিনিটে ছেড়ে যায়। দীর্ঘদিন পর কলকাতা-খুলনা-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল শুরু হওয়ায় খুশি দুই দেশের যাত্রীরা।

জানা গেছে, ঢাকা-কলকাতা-ঢাকার মধ্যে সরকারিভাবে যাত্রীবাহী বাস পরিষেবা চালু করেছিল বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসি ও পশ্চিমবঙ্গের রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা ডব্লিউবিএসটিসি। ভারত ও বাংলাদেশ সরকার দুই রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে প্রতি সপ্তাহে তিন দিন করে ছয় দিন যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দিয়েছিল। সে অনুযায়ী ঢাকা থেকে প্রতি সপ্তাহে শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে কলকাতা এবং রোববার বাদে বাকি তিন দিন কলকাতা থেকে ঢাকা বাস চলছিল।

তবে করোনার কারণে ২০২০ সালের ১২ মার্চ থেকে ঢাকা-কলকাতা-ঢাকা বাস চলাচল বন্ধ হয়ে যায়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ১০ জুন থেকে ঢাকা-কলকাতা বাস পরিষেবা আবার চালু করেছে বিআরটিসি। তবে রাষ্ট্রীয় পরিবহন করপোরেশনের অনুমতি না মেলায় কলকাতা থেকে ঢাকা পথে বাস চালু বিলম্ব হচ্ছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার পরই সোমবার থেকে কলকাতা-ঢাকা যাত্রীবাহী বাসের চলাচল আবার শুরু হয়।

শ্যামলী পরিবহনের দক্ষিণবঙ্গের বিভাগীয় ইনচার্জ ইফতেখার হোসেন বলেন, সোমবার সকাল সাড়ে ৭টায় কলকাতা করুণাময় বাস টার্মিনাল থেকে ২৮ জন যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। বাস সার্ভিসটি কলকাতা থেকে প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার ছেড়ে বেনাপোল বন্দর হয়ে খুলনা-ঢাকায় যাবে। এছাড়া বাসটি ঢাকা থেকে ছেড়ে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার খুলনা হয়ে বেনাপোল বন্দর দিয়ে কলকাতা যাবে। প্রথমদিন উদ্বোধনসহ নানা কারণে বিভিন্ন স্থানে থামতে হয়েছে। যে কারণে সময়ও বেশি লেগেছে। তবে পরবর্তী দিন থেকে সিডিউল মানা হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *