নওশের সুমন, ইউএই: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীরা ব্যবসা খাতে দিনদিন সমৃদ্ধ হচ্ছে। চাকরির পাশাপাশি ব্যবসায় মনোনিবেশ হওয়ায় আগের তুলনায় আমিরাত থেকে বর্তমানে দেশে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন৷ তারই সঙ্গে আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের ভাবমূর্তি বৃদ্ধি পাচ্ছে।
শারজার বাংলাদেশি অধ্যুষিত এলাকায় রোলার কে.এম.ট্রেডিং সেন্টারের নিচ তলায় বাংলাদেশি মালিকানাধীন আল আমিন জুয়েলারির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
স্বর্ণের দোকানটি উদ্বোধন করেন স্থানীয় স্পন্সর তারিক মোহাম্মদ আব্দুল্লাহ, প্রতিষ্ঠানের পরিচালক শহিদুল্লাহ রাসেল, সত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মাসুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরী, ইসমাইল গণি চৌধুরী, আরশাদ হোসেন হিরু, সাংবাদিক এস.এম.মোদাচ্ছের শাহ, সেলিম উদ্দিন চৌধুরী, হাজী সেলিম, মোহাম্মদ ইমদাদ, সিরাজদৌল্লা, জানে আলম শিয়ানসহ আরও অনেকেই।
বক্তারা আরও বলেন, বাংলাদেশিদের ব্যর্থতা শুধু নয় সফলতার গল্প ও আছে। বর্তমান অনুকূল পরিস্থিতিতে বাংলাদেশি ব্যবসায়ীরা পিছিয়ে নেই বরং; প্রতিনিয়তই তারা এগিয়ে যাচ্ছেন। এগিয়ে নিচ্ছেন রেমিট্যান্স ও শ্রমবাজারকে। বৃদ্ধি করছেন প্রবাসীদের কর্মসংস্থান।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল্লাহ রাসেল বলেন, বেশ কয়েক বছর জুয়েলারি প্রতিষ্ঠানে কাজ করে নিজে প্রতিষ্ঠানের মালিক হয়েছি। গ্রাহকদের চাহিদা সম্পর্কে আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং শারজাতে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতা কামনা করছি৷ আমিও যথাসাধ্য চেষ্টা করব সুলভ মূল্যে ভাল জিনিস দেয়ার জন্য।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আমিরাত অত্যন্ত ব্যবসায়ী বান্ধব দেশ তাই আমি যুক্তরাজ্য থেকে ব্যবসার উদ্দেশ্যে আমিরাতে এসেছি। ব্যবসার পাশাপাশি বাংলাদেশিদের কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধিই আমাদের মূল উদ্দেশ্য। প্রবাসীদের সহযোগিতা পেলে দেশের সুনাম অর্জনসহ রেমিট্যান্স এ ভাল অবদান রাখতে পারব।

