পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: গত দুই বছর অতিমারি করোনার জেরে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবর্তন ভার্চুয়ালি হয়েছে। ২ বছর পর এবার ফের, আগের মতো পালিত হবে তৃণমূলের মেগা ইভেন্ট!
তৃণমূল সুপ্ৰিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ২০২৪ এর লোকসভা নির্বাচনের কৌশল নির্ধারণ করতে পারেন বলে এমন মনে করা হচ্ছে। রাজ্য তৃণমূল এটা বোঝাতে চাইছে যে রাজনীতির প্ৰেক্ষাপটে ২১ জুলাইয়ের মঞ্চ খুবই গুরুত্বপূর্ণ। তাই এবার বাংলার বাইরেও একাধিক জায়গায় শহিদ সমাবেশ আয়োজন করা হবে এমনটাই জানা গেছে। ইতিমধ্যেই প্ৰয়োজনীয় সমস্ত প্ৰস্তুতি শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার, ২১ জুলাইয়ের মঞ্চকে ঘিরে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের তৎপরতা তুঙ্গে।
সম্প্রতি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঢুকে পড়ার ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে রড নিয়ে, সাত ঘণ্টা ঘাপটি মেরে বসে থাকার পর, অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, প্রশ্নের মুখে পড়েছে মুখ্যমন্ত্ৰীর নিরাপত্তা!
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশে জন্য আলাদা গেট ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সেই ঘটনাকে মাথায় রেখেই এবার ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশে জন্য আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে। দলের সবচেয়ে বড় অনুষ্ঠানে যোগ দিতে, সারা রাজ্য থেকে কলকাতায় আসেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের জন্য সল্টলেকের সেন্ট্রাল পার্ক ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করা হয়।
সোমবার সেই প্রস্তুতি দেখতে গীতাঞ্জলি স্টেডিয়ামে ঘুরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে জানানো হয়েছে, অন্তত ২০ হাজার জনের থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। কালীঘাটের বাড়ি থেকে আলিপুরের যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় সভামঞ্চে যাবে, ২১ জুলাই উপলক্ষে সেই রাস্তার দু’ধারও সাজিয়ে তোলা হয়েছে।
বৃহস্পতিবার তৃণমূল নেত্ৰীর ভাষণ দেশের বিভিন্ন রাজ্যে বিশাল পর্দায় সরাসরি সম্প্ৰচার করা হবে বলে জানা গেছে। অসম, ত্ৰিপুরা, মেঘালয়, এবং গোয়া তৃণমূল শহিদ দিবস উদযাপন করা হবে।
ত্ৰিপুরার তৃণমূল সভাপতি সুবল ভৌমিক এবং অসমের তৃণমূল সভাপতি রিপুন বরা জানান- রাজ্যের স্থানীয় সমস্যাগুলির কথা মাথায় রেখে ২১ জুলাইয়ের জনসমাবেশ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
প্ৰসঙ্গক্ৰমে অসম রাজ্য তৃণমূল সভাপতি রিপুন বরা আরও বলেন- রাজ্যে বিজেপি সরকার অসমবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে। রাজ্যে বিজেপিকে পরাস্ত করতে ২১ জুলাই ঐক্যবদ্ধভাবে শপথ গ্ৰহণ করা হবে। গোয়ার প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা তৃণমূল রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফালেরিও বলেন- গোয়ায় ভার্চ্যুয়ালি সমাবেশ শোনার ব্যবস্থা করা হয়েছে। মেঘালয়ে তৃণমূল কংগ্ৰেসের নেতৃত্ব শিলঙের পুলিশ বাজারে সভা অনুষ্ঠিত করার ব্যবস্থা করেছেন।

