পঙ্কজকুমার দেব, হাফলং: দেশের যুবা ভোটারদের জন্য সুখবর। এবার থেকে ভোটার আগাম নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া বাড়িতে বসেই তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে নাম অন্তর্ভুক্তি থেকে তালিকা সংশোধন করতে পারবেন। এছাড়া মুখ্য নির্বাচনী আয়োগের নতুন গাইড লাইন মতে আধার বা বিকল্প কিছু নথি ভোটার তালিকার সঙ্গে লিঙ্কিং করতে হবে। শনিবার অসমের হাফলং জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক নাজরীন আহমেদ সাংবাদিক সম্মেলন করে উপরোক্ত মন্তব্য করেন।
শনিবার অসমের হাফলঙে রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের উপস্থিতিতে ডিমা হাসাও জেলার জেলাশাসক নাজরীন আহমেদ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক এ আর মজুমদার,নির্বাচনী আধিকারিক ব্রুহিদ রাভা,জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক পূরবী ফংলো প্রমুখ।
ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা, বাসস্থান স্থানান্তর করা, নাম সংশোধন সহ ভোটার পরিচয়পত্রের বিসংগতি দূর করতে ক্রমে ফর্ম ৬ ,৬ (বি)৭,৮, ৮(এ) পূরণ করতে হবে।
বিশেষ করে ফর্ম ৬ নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে ব্যবহার করার পাশাপাশি ফর্ম ৬ (বি) ভোটার তালিকার সঙ্গে আধার বা অন্যান্য নথি লিঙ্ক করতে ব্যবহার করা হবে।এছাড়া ফর্ম ৭ নাম অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি এবং তালিকা থেকে নাম কর্তন করতে ব্যবহার হবে। ফর্ম ৮ একটি নির্বাচনী এলাকা থেকে অন্য নির্বাচনী এলাকায় নাম স্থানান্তর, ভোটার তালিকা সংশোধন সহ ভোটার পরিচয়পত্র বদলির জন্য ব্যবহৃত হবে।
জেলাশাসক নাজরীন আহমেদ বলেন ভোটার তালিকার সঙ্গে লিঙ্কিঙের জন্য আধার ছাড়াও একাধিক নথির প্রস্তাব রয়েছে। অর্থাৎ আধার লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। আধারের বিকল্প হিসেবে জব কার্ড, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক, শ্রম মন্ত্রকের অধীনে ইস্যু করা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট , ছবি সহ পেনশন নথি, কেন্দ্রীয় বা রাজ্য সরকার, পিএসইউ কোম্পানি দ্বারা কর্মচারীদের জন্য ইস্যু করা পরিচয়পত্র, সাংসদ,বিধায়ক বা এমএলসিদের কর্তৃক ইস্যু করা অফিসিয়াল আইডি কার্ড, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের দ্বারা জারি করা অন্যান্য পরিচয়পত্র গৃহীত হবে।
জেলাশাসক আরও বলেন যে চলতি বছরের ১ আগস্ট থেকে উপরোক্ত প্রক্রিয়ায় ভোটার রেজিস্ট্রেশন আরম্ভ হবে। এদিকে ২০২৩ সালের ১ এপ্রিল, ১ জুলাই বা ১ অক্টোবরে ১৮ বছর সম্পূর্ণ হবে যুবক যুবতীরা আগাম ফর্ম ৬ পূরণ করে নাম অন্তর্ভুক্তির জন্য জমা দিতে পারবেন।জেলাশাসক নাজরীন আহমেদ আরও বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বলেন যে সংশোধিত ফর্মগুলি চলতি বছরের ১ আগস্ট কার্যকর হবে এবং ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল,ভোটার হেল্পলাইন অ্যাপ, গরুড় (বিএলওদের জন্য) এর মতো বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য হবে।
ভোটার হেল্পলাইন অ্যাপটি গুগল প্লেস্টোরে উপলব্ধ হবে। এছাড়া ইসিআইর ওয়েবসাইট www.nvsp.in-এ গিয়ে লগ ইন করতে পারবেন। এছাড়া যেকোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট বিএলওদের সঙ্গে নাগরিকরা যোগাযোগ করতে পারবেন।

