শিরোনাম
রবি. ফেব্রু ২২, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশীপে ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশীপের গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতকে ৩-০ হারায় বাংলাদেশের মেয়েরা।

শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের রক্ষনের কঠিন পরীক্ষাই নিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশকে দ্বিতীয়ার্ধে আরও এক গোল উপহার দেন সিরাত জাহান স্বপ্না। ম্যাচে জোড়া গোল করেছেন স্বপ্না। অন্য গোলটি এসেছে কৃষ্ণা সরকারের পা থেকে।

শুরু থেকে আত্মবিশ্বাসী এক বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে ওঠে দশরথের সবুজ গালিচায়। মারিয়া মান্ডা-মনিকা চাকমা-সানজিদা খাতুন মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মসৃণ করে দেন আক্রমণের পথ। সপ্তম মিনিটে ভারতের জালে বল জড়ালেও গোল পায়নি বাংলাদেশ। আঁখির পাস ধরে সানজিদা খাতুন আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন গোলমুখে। স্বপ্না ও কৃষ্ণা রানী সরকার ছুটেন হেডের জন্য; ভারতের গোলরক্ষক অদিতি চৌহান বল ধরতে যাওয়ার সময় কৃষ্ণার সঙ্গে সংঘর্ষে পড়ে যান। স্বপ্না টোকায় বল জালে জড়ালেও রেফারি বাজান ফাউলের বাঁশি।

১১তম মিনিটে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ। মাঝমাঠ থেকে বল পায়ে এগিয়ে আক্রমণের শুরু করেন সাবিনা, তার বাড়ানো পাস ধরে কৃষ্ণা দিলেন বক্সের দিকে ছোটা সিরাত জাহান স্বপ্নাকে। বাঁ পায়ের নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দশ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এবার গোল করেন কৃষ্ণা রাণী সরকার। থ্রো ইন থেকে বাংলাদেশ আক্রমণ রচনা করে। কৃষ্ণা বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ রাখেন। ডিফেন্ডার বাঁধা দেয়ার চেষ্টা করলেও ব্যবধান দ্বিগুণ করতে ভুলেননি তিনি।

দ্বিতীয়ার্ধে ভারতের ওপর আরও বেশি চড়াও হয়েছে লাল-সুবজ জার্সিধারীরা। দলটির রক্ষনের দিকে খুব একটা এগোতে পারেনি ভারত। ম্যাচের ৫৩তম মিনিটে আবারও সাবিনার থ্রু বল ধরে নিখুঁত প্লেসিং শটে ভারতের জালে বল জড়ান সিরাত জাহান স্বপ্না। ফলে ৩-০ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *