শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

  • তালিকায় ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালকও।

ঢাকা অফিস: আওয়ামী লীগের শাসনামলে গুম ও জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এর মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

পাসপোর্ট অফিসের বরাত দিয়ে আজাদ মজুমদার বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জন এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, যাঁদের পাসপোর্ট বাতিল হয়েছে তাঁদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পাঁচজন মহাপরিচালক রয়েছেন। তাঁরা হলেন আকবর হোসেন, সাইফুল আবেদীন, সাইফুল আলম, আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও হামিদুল হক। তালিকায় আরও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক।

পাসপোর্ট বাতিলের তালিকায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আ ক ম মোজাম্মেল হক, হাছান মাহমুদ, আসাদুজ্জামান খান, মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, মহিবুল হাসান চৌধুরী, নসরুল হামিদ, মোহাম্মদ এ আরাফাত, শামীম ওসমান, মৃণাল কান্তি দাস, ইলিয়াস মোল্লা, বেনজির আহমেদ, মাইনুল হোসেন খান, ওয়াকিল উদ্দিন ও সোলাইমান সেলিম। এ ছাড়া তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম রয়েছে।

বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়ে ভারতকে জানানো হয়েছে কি না এবং পাসপোর্ট বাতিলের তালিকায় আর কে কে আছেন—এমন প্রশ্নের জবাবে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, তাঁর (শেখ হাসিনা) যে পাসপোর্ট বাতিল হয়েছে, এটা কিন্তু ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে ইতিমধ্যে বলা হয়েছে, তাঁকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। আর যাঁদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এই মুহূর্তে সুনির্দিষ্ট করে নাম প্রকাশ করা সম্ভব নয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *