করোনা কালেও যেন আইপিএল বাতিল না হয়ে যায়। এই টুর্নামেন্টকে জায়গা করে দিতে তাই ইচ্ছাকৃতভাবেই এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নিলো আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে এভাবেই কাঠগড়ায় তুলে দিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তার সঙ্গে গলা মেলালেন আরেক সাবেক তারকা রশিদ লাতিফও।
চলতি বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে কি না, এ নিয়ে দীর্ঘদিন ধরেই নানাভাবে জলঘোলা চলছিলো। শেষমেশ গত সোমবার সমস্ত ধোঁয়াশা কাটে। আইসিসি জানিয়ে দেয়, বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এত বড় আয়োজনের ঝুঁকি নেওয়া হবে না।
২০২১-এ প্রায় একই সময় আয়োজিত হবে টুর্নামেন্ট। এই ঘোষণার পরই উজ্জ্বল হয়ে ওঠে আইপিএলের আয়োজন। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরিকল্পনা ছিল, মার্চে স্থগিত হওয়া টুর্নামেন্ট হোক বছরের শেষদিকেই। আর বিশ্বকাপ স্থগিত হওয়ায় সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের মধ্যে টুর্নামেন্ট আয়োজনে সমস্যা রইল না। ফলে ক্রিকেটপ্রেমীরা তারকাখচিত লিগ দেখার অপেক্ষা শুরু করে দিয়েছে ঠিকই, কিন্তু বিষয়টিতে একেবারেই ভাল চোখে দেখছেন না শোয়েব আখতার।
বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ তিনি। রাগে ফুঁসছেন লাতিফও। দু’জনেরই অভিযোগ, সরকারি ঘোষণার অনেক আগে থেকেই ভিতর-ভিতর বিসিসিআইয়ের সঙ্গে কথা বলে আইসিসি বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলো। ইচ্ছাকৃতভাবেই এমনটা করা হয়েছে।
আগেই বাতিল হয়ে গিয়েছে এশিয়া কাপ। এবার বিশ্বকাপও স্থগিত হয়ে যাওয়ায় বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়লো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর আইপিএল হলে পাক মুলুকের কোনওই লাভ নেই। কারণ এই টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটারদের অংশ নেওয়ার অনুমতি নেই। তাই বিশ্বকাপের থেকে আইপিএলের জন্য বেশি তৎপর হওয়ায় পরোক্ষভাবে ভারতীয় বোর্ডকেও কটাক্ষ করতে ছাড়েননি রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

