কলকাতা: হাঁসফাঁস দশা থেকে এবার মুক্তি। নিম্নচাপের হাত ধেরে ফের দক্ষিণবঙ্গে একটানা তিন দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে শুক্র, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
বঙ্গোপসাগের ফের তৈরি হয়েছে নিম্নচাপ। একটানা কয়েকদিনের গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে। নতুন করে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে ফের বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গে। শুক্র, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলা ও ওডিশা উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপটি। তার জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে।
শনি ও রবিবারও বৃষ্টি হবে। ইতিমধ্যেই শুক্র ও শনিবার মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের জেরে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সপ্তাহ শেষের তিন দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, শনি ও রবিবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে।

