শিরোনাম
বুধ. ফেব্রু ১১, ২০২৬

সোমবার থেকে খুলছে তারাপীঠ মন্দির, মানতে হবে সব ধরনের স্বাস্থ্যবিধি

সিউড়ি: আগামী সোমবার থেকেই খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির। করোনার সংক্রমণ রুখতে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই খুলবে মন্দির। শনিবারই মন্দির খোলা নিয়ে বৈঠকে বসেছিলেন সেবাইতরা। সেই বৈঠকেই আগামী সোমবার থেকে তারাপীঠ মন্দির খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনার গ্রাসে গোটা বিশ্ব। এদেশেও করোনার মারাত্মক প্রভাব। রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। করোনা ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। প্রতিদিন ৩ হাজার বা তারও বেশি মানুষ নতুন করে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার বিকেল পর্যন্ত এরাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৮৯।

সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে অধিকাংশ ধর্মীয় স্থানগুলি বন্ধ রয়েছে। তবে এবার ধীরে ধীরে উপাসনালয়গুলি খুলে দেওয়ার তৎপরতা শুরু হয়েছে। সোমবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির।

মন্দিরের সেবাইত কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, সেবাইতদের সঙ্গে বৈঠকের পরেই মন্দির খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্দির খুললেও স্বাস্থ্যবিধি মেনে চলবে পুজোপাঠ। করোনা আতঙকে গত ১ আগস্ট থেকে বন্ধ ছিল তারাপীঠ মন্দির।

এদিকে, করোনা আবহে দেশের দোকান-বাজার, শপিং মল খুলতে বাধা না থাকলেও কেন ধর্মীয় স্থানগুলি খুলতে আপত্তি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। সরকারের এই নীতিকে ‘অদ্ভুত’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।

কেন্দ্র ও রাজ্য সরকারগুলির অস্বস্তি বাড়িয়ে দেশের প্রধান বিচারপতি বলেন, ‘অর্থনৈতিক স্বার্থ যেখানে জড়িত, সেই স্থানগুলি করোনার ‘ঝুঁকি’ নিয়েও খুলে দিতে সরকার প্রস্তুত। কিন্তু ধর্মের প্রশ্ন এলেই করোনার ‘ঝুঁকি’-র কথা বলা হচ্ছে।’

শুক্রবারই জৈন ধর্মাবলম্বীদের উৎসব পালনের জন্য মহারাষ্ট্রের তিনটি জৈন মন্দির দু’দিনের জন্য খোলার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে করোনার সংক্রমণ এড়াতে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে মন্দির খোলায় সায় দিয়েছে সর্বোচ্চ আদালত। তারও আগে পুরীর রথযাত্রাতেও স্বাস্থ্যবিধি পালনের শর্ত চাপিয়ে ছাড়পত্র দিয়েছিল সুপ্রিম কোর্ট।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *