শিরোনাম
মঙ্গল. ফেব্রু ২৪, ২০২৬

টিভি তারকা থেকে সিনেমার নির্মাতা

ক্যামেরার সামনে থাকা কিছু মানুষ হঠাৎ চলে যাচ্ছেন পেছনে। অভিনয়শিল্পীর জায়গা থেকে গিয়ে বসছেন পরিচালকের আসনে। সেই দলের তিন তরুণ মীর সাব্বির, হৃদি হক ও আনিসুর রহমান মিলন। নাটকে অভিনয় করা এই তারকারা এবার হতে যাচ্ছেন চলচ্চিত্রের পরিচালক।

‘যথাযথ প্রস্তুতি নিয়েই এ ছবি পরিচালনা করতে এসেছি। অনেক সময় নিয়ে, ভেবেচিন্তে ছবির চিত্রনাট্য তৈরি করেছি। প্রথম ছবিতেই অনুদান পাওয়ায় নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি।’- মীর সাব্বির

প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় আসছেন মীর সাব্বির। প্রথমবার সরকারি অনুদানের জন্য চিত্রনাট্য জমা দিয়েই ২০১৮-১৯ অর্থবছরের অনুদান পেয়ে গেছেন তিনি। নির্মাণ করছেন নিজের প্রথম ছবি রাত জাগা ফুল। সাব্বির বলেন, ‘যথাযথ প্রস্তুতি নিয়েই এ ছবি পরিচালনা করতে এসেছি। অনেক সময় নিয়ে, ভেবেচিন্তে ছবির চিত্রনাট্য তৈরি করেছি। প্রথম ছবিতেই অনুদান পাওয়ায় নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি।’

১৯৯৫–৯৬ সালে অভিনয়শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন মীর সাব্বির। ১৯৯৯ সালে প্রথম টিভি পর্দায় আসেন। ২০০৮ সালে পরিচালক হিসেবে বরিশাল বনাম নোয়াখালী নামে একটি নাটক নির্মাণ করেন, যা ভীষণ জনপ্রিয়তা পায়। তাঁর পরিচালনায় নোয়াশাল নাটকটিও জনপ্রিয়। সিনেমা পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনেতাই আমার প্রথম পরিচয়। তবে নির্মাণ আমার কাছে আবিষ্কারের মতো। অভিনয়ে আমি যা করতে পারিনি, সেটা অন্যের ভেতরে আবিষ্কার করতে চেয়েছি পরিচালনার মাধ্যমে।’

রাত জাগা ফুল ছবির প্রধান চরিত্রের নাম রইস। মানুষের বেদনা নিয়ে লেখা এ ছবির গল্প। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মীর সাব্বির নিজেই। ইতিমধ্যে ছবিটির শুটিংয়ের প্রস্তুতি শেষ।

‘সিনেমায় কাজ করছি, এই ভাবনাটাই দারুণ। কিন্তু কাজটা ভীষণ কঠিন। আমরা চাই কাজগুলো বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। কাজ শেষ না করা পর্যন্ত বুঝতে পারছি না, কতটা সন্তুষ্ট হতে পারব।’- হৃদি হক

১৯৭১: সেই সব দিন নামে একটি ছবি পরিচালনা করছেন মঞ্চ ও টেলিভিশনের অভিনেত্রী হৃদি হক। চলচ্চিত্রে এটি তাঁর প্রথম কাজ। সিনেমার খবর যাঁরা রাখেন, ইতিমধ্যে তাঁরা জেনে গেছেন, ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরীমনি ও সুদীপ বিশ্বাস। হৃদি হক বলেন, ‘সিনেমায় কাজ করছি, এই ভাবনাটাই দারুণ। কিন্তু কাজটা ভীষণ কঠিন। আমরা চাই কাজগুলো বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। কাজ শেষ না করা পর্যন্ত বুঝতে পারছি না, কতটা সন্তুষ্ট হতে পারব।’ ‘নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার দুয়ার ভেঙে দিয়েছে ওটিটি। আর কাজের মাধ্যমে আমি যা দেখতে চেয়েছি, সেটা বিনিয়োগকারীদেরও দেখাতে পেরেছি।’

‘নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার দুয়ার ভেঙে দিয়েছে ওটিটি। আর কাজের মাধ্যমে আমি যা দেখতে চেয়েছি, সেটা বিনিয়োগকারীদেরও দেখাতে পেরেছি।’- আনিসুর রহমান মিলন

অভিনেতা আনিসুর রহমান মিলন নাটকেরও নির্মাতা। ১৯৯৯ সালে পরিচালনা শুরু করে দীর্ঘ বিরতি দেন তিনি। পরে ২০১৭ সাল থেকে প্রতিবছর নিয়ম করে একটি নাটক নির্মাণ করেন এ অভিনেতা। নির্মাতা হিসেবে হাত ঝালাইয়ের পর তিনি ভাবছেন সিনেমা নিয়ে। রেডবক্স নামে যে ছবিটি তিনি নির্মাণ করতে যাচ্ছেন, সেটি সিনেমা বটে, তবে প্রদর্শন ভাবনার দিক থেকে এটি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট। নভেম্বরের শেষের দিকে এই ওয়েব ছবিটির কাজে হাত দেবেন তিনি। মিলন বলেন, ‘নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার দুয়ার ভেঙে দিয়েছে ওটিটি। আর কাজের মাধ্যমে আমি যা দেখতে চেয়েছি, সেটা বিনিয়োগকারীদেরও দেখাতে পেরেছি।’

তবে নিজের প্রথম ওয়েব সিনেমায় অভিনয় করবেন না মিলন। এমনকি ছবির অভিনয়শিল্পীদের নিয়েও এখনো বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। তবে নির্মাতা হিসেবে তাঁর হাত ধরেও আসবে ব্যতিক্রম কিছু, এমনটি আশা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *