শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও কাছাড়ের রোগীদের উন্নতমানের স্বাস্থ্য পরিষেবার দাবি শিলচরে

শিলচর (অসম) : আজ শনিবার এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিভিল হাসপাতাল সহ কাছাড় জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দাবিতে শহিদ ক্ষুদিরাম মূর্তির পাশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য সুব্রতচন্দ্র নাথ, বিজিত কুমার সিংহ, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য পেশ করেন ভবতোষ চক্রবর্তী। তিনি বলেন, মূল্যবৃদ্ধির চাপে জনগণের নাভিশ্বাস উঠছে। আলু, পেঁয়াজ, শাক-সবজি, মাছ, মাংস, ডিম সহ বিভিন্ন জিনিসপত্রের দাম জনগণের নাগালের বাইরে চলে গেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিশ্রুতি ছিল মূল্যবৃদ্ধি কমানো। কিন্তু তার ঠিক উল্টোটাই ঘটছে। তিনি আরও বলেন, কাছাড় জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের প্রতিশ্রুতির বন্যা বয়ে গেলেও উন্নতি ঘটেনি। করোনা আক্রান্ত রোগীদের শিলচর মেডিক্যাল কলেজে যখন মৃত্যুর মিছিল চলছে তখন রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী ৪০টি আইসিইউ উদ্বোধন করতে এসেছেন। করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে পর্যাপ্ত সংখ্যায় আইসিইউয়ের ব্যবস্থা করা হলে অনেক রোগীর হয়তো প্রাণ বাঁচানো সম্ভব হতো। কোভিড সংক্রমণের শুরুতে গুয়াহাটি মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিকাঠামো যে তত্‍পরতায় গড়ে তোলা হয়েছিল একই তত্‍পরতা শিলচর মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করা হয়নি। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বিগত কংগ্রেস সরকারের আমলেও একই বিভাগে দীর্ঘ বছর মন্ত্রী ছিলেন। কিন্তু শুধু প্রতিশ্রুতির বাইরে কিছুই করেননি।

ভবতোষ চক্রবর্তী বলেন, এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে, শিলচর মেডিক্যাল কলেজে নিউরোলজি, নেফ্রোলজি, ইউরোলজি, ওঙ্কোলজি ইত্যাদি বিভাগ চালু করতে হবে, কার্ডিওলজি বিভাগে পূর্ণ সময়ের চিকিত্‍সক নিয়োগ করতে হবে। সিভিল হাসপাতাল ও মেডিক্যাল কলেজে চিকিত্‍সক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন শূন্য পদে নিয়োগ করতে হবে। অথচ অসম সরকার এক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন। যার ফলে বর্তমানে কোভিড আক্রান্ত ও কোভিড আক্রান্ত নন উভয় ধরনের রোগীরা উন্নত চিকিত্‍সা পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে অবিলম্বে মূল্যবৃদ্ধি রোধ ও শিলচর মেডিক্যাল কলেজে নিউরোলজি, নেফ্রোলজি, ইউরোলজি বিভাগ চালু করা সহ জেলার সার্বিক স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং করোনা সংক্রমণে আক্রান্ত রোগী ও অন্যান্য রোগীদের উন্নত চিকিত্‍সা প্রদানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে বলে এক প্রেস বার্তায় হিল্লোল ভট্টাচার্য জানিয়েছেন। বিশু / এসকেডি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *