বাংলাদেশ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জের কাঁঠালকান্দি সীমান্ত থেকে আট বাংলাদেশিকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বিরুদ্ধে। গত বুধবার (১২ জানুয়ারি) দুপুরে তাদের তুলে নেওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে বিএসএফের বিরুদ্ধে কাঁঠালকান্দি এলাকার পাঁচজনকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। তারা হলেন- আলিক, আহাদ, আবদাল, নজির, হাবিব। তারা হাসপাতালে চিকিৎসা নিয়ে কাঁঠালকান্দি বিজিবি ক্যাম্পে অভিযোগ করেছেন। তাদের মধ্যে আবদাল ও নজিরের অবস্থা গুরুত্বর বলে জানা গেছে।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে কাঁঠালকান্দি সীমান্ত এলাকা থেকে ওয়াসিম, আবরোজ, মোস্তাকিন, সাজু, আরিফ, ময়নুল, সফিকসহ ৮ জনকে বিএসএফ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। তাদের বাড়ি পূর্ব কাঁঠালকান্দি গ্রামে বলে জানা গেছে।
শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার বলেন, গতকাল যাদের ধরে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাদের বিষয়ে তদন্ত অব্যাহত আছে। আজ যে আট জনকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে তারা ফিরে এসেছে বলে জেনেছি। এ বিষয়ে অধিকতর তদন্ত অব্যাহত আছে।

