শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

ঈদের সিনেমা দিয়ে জমজমাট সিনেমাপাড়া

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক: মহামারি করোনা ভাইরাসের কারণে গত দুই বছরের পুরোটা সময় জুড়েই ছিল ছন্দপতন। যার ব্যতিক্রম হয়নি ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও।

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির কারণে দীর্ঘ সাত মাস বন্ধ ছিল দেশের সকল প্রেক্ষাগৃহ। গেল দুই বছর চার ঈদে কোনো প্রেক্ষাগৃহের আলো জ্বলেনি। আবার লোকসানের কারণে সেসময় বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ।

করোনার চোখ রাঙানি কিছুটা স্বাভাবিক হলে প্রেক্ষাগৃহে বেশকিছু নতুন সিনেমা মুক্তি পায়। তবে সেসব সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়। তবে এবার ঈদে পাল্টে গেল সারাদেশের প্রেক্ষাগৃহের চিত্র। দেশজুড়ে ১৬৩টি প্রেক্ষাগৃহে এবার মুক্তি পেয়েছে চারটি সিনেমা। ঈদ উপলক্ষে এবার নতুন করে ৯৩টি প্রেক্ষাগৃহ খুলেছে বলে জানা গেছে।

এর মধ্যে শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’ মুক্তি পায় ১০০টি প্রেক্ষাগৃহে। এই নায়কের অন্য সিনেমা ‘গলুই’ মুক্তি পায় ২৮টিতে। সিয়াম আহমেদ-পূজা চেরি জুটির তৃতীয় সিনেমা ‘শান’ দেখা যাচ্ছে ৩৪টি প্রেক্ষাগৃহে। এ ছাড়া ‘বড্ড ভালোবাসি’ নামের সিনেমাটি মুক্তি পায় ব্লকবাস্টারে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখতে বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় চোখে পড়ার মতো। ঈদের দিন বৃষ্টির কারণে প্রথম শোতে তেমন একটা দর্শক না এলেও পরের শোগুলো ছিল দর্শকের সরব উপস্থিতি। ক্রমেই দর্শক প্রেক্ষাগৃহে ফিরছেন। বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দেখা গেছে সর্বাধিক দর্শক সমাগম। ঢাকা ও ঢাকার বাহিরে একাধিক শো ছিল হাউজফুল। সারাদেশে সগৌরবে চলছে ‘গলুই’, ‘শান’ ও ‘বিদ্রোহী’ নামের সিনেমা তিনটি।

অনেকের ধারণা ছিল, সিনেমা যেমনই হোক দর্শক আর ঘর থেকে বেরিয়ে প্রেক্ষাগৃহে যাবে না। কিন্তু ঈদের সিনেমাগুলো প্রমাণ করেছে, সে ধারণা সঠিক নয়। ঈদের সিনেমা দিয়ে জমজমাট সিনেমাপাড়া। আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন দর্শক।

প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল বলেন, ‘গলুই’, ‘শান’, ‘বিদ্রোহী’ তিনটি সিনেমাই ভালো ব্যবসা করছে। এ সিনেমাগুলোর মাধ্যমে দীর্ঘদিন পর দর্শক আবারও প্রেক্ষাগৃহে আসছেন। এটি বাংলা সিনেমার জন্য ইতিবাচক। এ ধারা অব্যাহত থাকলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি খুব শিগগিরই ঘুরে দাঁড়াবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *