মক্কায় অবস্থিত পবিত্র কাবার হাজরে আসওয়াদ বা কালো পাথরটিকে এবার ঘরে বসেই ছোঁয়া যাবে। মুসলিম বিশ্বের জন্য এমনই এক প্রযুক্তি উদ্বোধন করেছে সৌদি সরকার। ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তির মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি প্রেস এজেন্সির খবর।
নতুন এই উদ্যোগের মাধ্যমে ইসলামের পবিত্রতম স্থানটিকে মেটাভার্স যুগে নিয়ে এসেছে, যার মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান থেকে কালো পাথরটিকে ছুঁয়ে দেখা যাবে। সোমবার এ প্রযুক্তির উদ্বোধন করেন মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের প্রেসিডেন্সির প্রধান শেখ ডক্টর আবদুল রহমান বিন আবদুল আজিজ আল সুদাইস।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় তিনি বলেন, আমাদের মহান ধর্মীয় এবং ঐতিহাসিক স্থান রয়েছে। আমরা সেগুলোকে ডিজিটালাইজ করার ব্যবস্থা গ্রহণ করেছি। সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে সেগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আমাদের উদ্দেশ্য একটি স্মার্ট শহর তৈরি করা।
উদ্যোগটি প্রদর্শনী এবং জাদুঘরবিষয়ক সংস্থার একটি প্রকল্প, যারা উম্ম আল-কুরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছে। ভিআর প্রযুক্তিতে থাকা সিমুলেশন কেবল দৃষ্টি ও শ্রবণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গন্ধের সত্যিকার অনুভূতিও প্রকাশ করে। তবে কখন কীভাবে ওই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে লোকজন অ্যাক্সেস পাবেন, তা পরিষ্কার করা হয়নি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভার্চুয়াল ব্ল্যাক স্টোন প্রকল্প তৈরির সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের প্রধান তুর্কি বিন সুলেমান আল আমরো এবং বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে চলতি বছরের মে মাসে হাজরে আসওয়াদের কাছ থেকে তোলা একটি ছবি প্রকাশ করেছিল সৌদি কর্তৃপক্ষ। মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদ প্যারানমিক ফোকাস ব্যবহার করে হাজরে আসওয়াদের ওই ছবি ধারণ করেছিল।

