শিরোনাম
শুক্র. এপ্রি ২৪, ২০২৬

সাংবাদিকতা থেকে অভিনয় পেশায় যুক্ত তারকা সাংবাদিক

অভিনয়শিল্পীদের মধ্যে অনেকেই আছেন, যারা সাংবাদিকতা থেকে অভিনয় পেশায় যুক্ত হয়েছেন। অনেকে আছেন যারা গান, অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতাও চালিয়ে যাচ্ছেন। আমাদের আজকের আয়োজন তেমনই কয়েকজন তারকাকে নিয়ে, যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন বা এখনো আছেন। লিখেছেন- ফয়সাল আহমেদ।

আসাদুজ্জামান নূর

সাংবাদিক হিসেবেই নিজের কর্মজীবন শুরু করেছিলেন অভিনেতা, আবৃত্তিশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। ১৯৭২ সালে বহুল প্রচারিত সাপ্তাহিক চিত্রালীতে কাজ করেছেন তিনি। নব্বই দশকের শুরুতে হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান।

ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশের সবচেয়ে ব্যবসাসফল ছবি বেদের মেয়ে জোছনার নায়ক ইলিয়াস কাঞ্চন। অভিনয়ের পাশাপাশি সমাজসেবক হিসেবেও তিনি খ্যাতিমান। ২৫ বছর ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলন করে আসছেন। পেয়েছেন একুশে পদক। নিরাপদ নিউজ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

শমী কায়সার

বড় হয়েছেন সাংবাদিকতার আবহে। নিজেও লিখতে ভালোবাসেন। ভোরের কাগজে একসময় নিয়মিতই দেখা যেত তার কলাম।

মাহফুজ আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াকালীন বিনোদন পাতায় লিখতেন। কাজ করেছেন পূর্ণিমা নামের একটি ম্যাগাজিনে। সেখানে কাজের সুবাদে ইমদাদুল হক মিলনের সঙ্গে পরিচয়। তারই পরামর্শে জনপ্রিয় ধারাবাহিক কোন কাননের ফুল দিয়ে টিভি নাটকে নাম লেখান। এর পর হুমায়ূন আহমেদের বিখ্যাত ধারাবাহিক কোথাও কেউ নেই-এ বাকের ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়া মতি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান।

মৌসুমী

প্রিয়দর্শিনী মৌসুমী ঢাকাই সিনেমা মাতিয়ে রেখেছেন সৌন্দর্য আর অভিনয়ে। সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। নিউজ পোর্টালটিতে কেবলমাত্র শোবিজের খবর প্রকাশ করা হয়। কয়েক বছর আগে ম্যাগাজিন প্রিয়জন-এর সঙ্গে যুক্ত ছিলেন।

হাসান মাসুদ

১৫ বছরের অধিক সময় সাংবাদিকতা করেছেন হাসান মাসুদ। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন এবং ১৯৯২ সালে অধিনায়ক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি নিউ নেশনের পর ডেইলি স্টারে ক্রীড়া প্রতিবেদক হিসেবে কাজ করেন। ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার পথচলা শুরু হয়।

ফেরদৌস

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন। আনন্দ আলো ম্যাগাজিনে সাংবাদিক হিসেবে কাজ করেছেন তিনি। কিন্তু ছোটবেলা থেকেই মডেলিং ও অভিনয়ের প্রতি টান ছিল তার। সেই টান থেকেই তিনি হয়ে উঠেছেন নায়ক। তার অভিনীত মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র প্রয়াত নায়ক সালমান শাহের অসমাপ্ত কাজ বুকের ভিতর আগুন। এটির পরিচালক ছিলেন ছটকু আহমেদ।

আসিফ আকবর

বাংলা গানের যুবরাজ আসিফ আকবরও সাংবাদিকতা করেছেন। মানবজমিন পত্রিকায় বিশেষ সংবাদদাতা হিসেবে তার অনেক লেখা প্রকাশ হয়েছে। বর্তমানেও তার তত্ত্বাবধানে একটি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই এই পোর্টালটি করেন। এ ছাড়া ক্রিকেটসহ নানা বিষয়ে নিয়মিত কলাম লেখেন তিনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *